মানিকগঞ্জ প্রতিনিধি
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, কোনো বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে সব ধরনের চাপমুক্ত রেখে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
গত শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের হাতে গাছের চারা তুলে দেয়ার মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসা ও বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশ নিয়ে সমাজসেবা অধিদফতরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ ছাড়া শহরের ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান সিরাজ, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



