নিজস্ব প্রতিবেদক
সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
গতকাল বেলা সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ইন্তেকাল করেন। গতকাল মাগরিবের নামাজের পর প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়।
সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।
বিএফইউজে ও ডিইউজের শোক
সিনিয়র সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। গতকাল এক যৌথ শোক বার্তায় নেতারা বলেন, কাজিম রেজা সারা জীবন গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো মিথ্যা ও অন্যায়ের সাথে আপস করেননি। বিএফইউজে ও ডিইউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালেও সততা, নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন। ফ্যাসিবাদি সরকারের আমলে সবশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত কাজিম রেজা দীর্ঘ দিন বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় বুধবার ইন্তেকাল করেন। বিএফইউজে ও ডিইউজে নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।



