বাজেটে দুদকের বরাদ্দ কমেছে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ কমেছে। এ বছরের প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরের তুলনায় ছয় কোটি টাকা কম বরাদ্দ দেয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯৭ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ২০৩ কোটি টাকা দাঁড়ায়।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দুদকের পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় কম।

আগামী অর্থবছরে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

এর মধ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব জেলায় ১৩ সদস্যবিশিষ্ট মহানগর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনা করা হবে। পাশাপাশি সব উপজেলায় ৯ সদস্যবিশিষ্ট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন এবং ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ও পরিচালনার উদ্যোগ নেয়া হবে।

তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘সততা সংঘ’ গঠন করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ নামে বিক্রেতাবিহীন দোকান চালুর কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানির আয়োজনও করা হবে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে দুদকের খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত উন্নয়ন এবং কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দুদকের কার্যক্রমকে আরো কার্যকর করার লক্ষ্যেই এসব কর্মসূচি নেয়া হয়েছে।