নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে গ্রামবাসীর অভিযানে প্রায় পাঁচ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত চালানো এ অভিযানে আখক্ষেতসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ মদের কারখানা উদ্ধার ও ভেঙে ফেলা হয়।
প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা না নেয়ায় অবশেষে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নেন। অভিযানের সময় আখক্ষেতের ভেতর ও গ্রামের বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ৫২টি প্লাস্টিকের ড্রামে চোলাই মদ, জাওয়া ও চুয়ানিসহ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।



