নয়া দিগন্ত ডেস্ক
সম্প্রতি লিঙ্কডইনে ভারতীয় একজন এইচআর কর্মকর্তার পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। কোম্পানির প্রতি কর্মীদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই কর্মকর্তা।
গালফ নিউজ জানায়, এইচআর কর্মকর্তা তার পোস্টে চমকপ্রদ এক ঘটনা শেয়ার করেছেন। তিনি জানান, একজন নতুন কর্মী প্রথম বেতন পাওয়ার মাত্র ৫ মিনিট পরেই চাকরি থেকে ইস্তফা দেন। সকাল ১০টায় তার অ্যাকাউন্টে বেতন জমা হয় আর ১০টা ৫ মিনিটে তিনি ইমেইলে ইস্তফা দেন।
এইচআর কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, এটি কতটা নৈতিক কাজ, কারণ কোম্পানি ওই কর্মীর যোগদান ও প্রশিক্ষণে অনেক খরচ ও সময় ব্যয় করেছিল।
পোস্টে এইচআর কর্মকর্তা বলেছেন, যদি চাকরিতে থাকার ইচ্ছা না-ই থাকে, তবে আগে থেকেই জানানো উচিত ছিল বা অন্তত সম্মানের সাথে বিদায় নেয়া উচিত ছিল। তার মতে, আসল ক্যারিয়ার গড়ে ওঠে শুধু বেতনের ওপর নয়, বরং নিষ্ঠা আর ধৈর্যের ওপর।
পোস্টটি খুব দ্রুত ভাইরাল হয় এবং এর পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কর্মচারীর পক্ষ নিয়ে বলেন- যেকোনো সময় চাকরি ছাড়ার অধিকার কর্মীর আছে, বিশেষ করে যখন নিজের কাজের দায়িত্ব সে পূরণ করেছে।
একজন মন্তব্যকারী আবার বলেন, অনেক সময় কর্মীরা অভিযোগ জানাতে পারেন না বা অস্বস্তি বোধ করেন। তাই তারা বেতনের টাকা পেয়ে চুপচাপ সরে যাওয়াকেই নিরাপদ মনে করেন।
অনেকেই এইচআরের দিকে ছুঁড়ে দেন সমালোচনার তীর। বিষয়টি জনসমক্ষে প্রচার করার জন্য কর্মকর্তাকে অপেশাদার ও অপরিপক্ক হিসেবে অভিহিত করেন।



