কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোর-৬ কেশবপুর আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মোক্তার আলীর কেশবপুরস্ত বাসভবনে ৮ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি দুপুরে কেশবপুর পৌর জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর নিজস্ব বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাত বোমা নিক্ষেপ করে। তিনি বলেন এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেশবপুরের আইনশৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ মাত্র। নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে নিশ্চিত বিজয় হওয়ার সম্ভাবনা দেখে তাকে দমিয়ে রাখার পরিকল্পনা নিয়ে এ ধরনের নগ্ন হামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত।



