খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরো গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে বিশেষ ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম’ গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে রবিবার ব্যাংকের করপোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কালেকশন অ্যান্ড রিকভারি ওয়ার রুম’-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের রিকভারি স্ট্রাটেজি, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, কালেকশন অ্যান্ড রিকভারি কার্যক্রমকে শুধু একটি নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসেবে দেখলে চলবে না; বরং এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর ও দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান, এর সফলতা ও সব অর্জন আমাদের জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



