মালদ্বীপ প্রবাসী দুই বাংলাদেশীর পাশে হাইকমিশন

Printed Edition

ওমর ফারুক (মালদ্বীপ)

প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতকরণে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে থাকা গুরুতর অসুস্থ ও মানবিক সঙ্কটে নিপতিত দুই প্রবাসী বাংলাদেশীকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে বিমান টিকিট দেয়া হয়েছে বলে জানান হাইকমিশন।

গত বৃহস্পতিবার সহায়তাপ্রাপ্ত ওই দুই বাংলাদেশীর হাতে বিমান টিকিট তুলে দেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় মিশনের প্রথম সচিব (শ্রম) মো: মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘ দিন ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ ছাড়া একই জেলার মো: আজিজ প্রামাণিক (৫৫) সম্প্রতি গুরুতর অসুস্থ হওয়ায় তারও দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়। এ দুই প্রবাসী বাংলাদেশীর শারীরিক জটিলতা, আর্থসামাজিক বাস্তবতা এবং মানবিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে এ সহায়তা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘প্রবাসে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।

জীবিকার প্রয়োজনে বিদেশে অবস্থানরত কোনো নাগরিক অসুস্থতা, দুর্ঘটনা কিংবা প্রতিকূল মানবিক পরিস্থিতির সম্মুখীন হলে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।’