রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগ না থাকায় পছন্দের বিষয়ে পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কোথাও বিভাগের সরকারি অনুমোদন নেই, আবার কোথাও পর্যাপ্ত শিক্ষার্থী সঙ্কটের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্য হয়ে মানবিক বা বিজ্ঞানে ভর্তি হতে হচ্ছে। এ নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।
মাধ্যমিক পর্যায়ে তিনটি বিভাগে পাঠদানের কথা থাকলেও রাঙ্গাবালীর চিত্র ভিন্ন। বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ইচ্ছা থাকা সত্ত্বেও বাণিজ্য বিভাগ না থাকায় তারা এই সুযোগ পাচ্ছে না। বিভাগটি চালুর ব্যবস্থা করা হলে বহু শিক্ষার্থী বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে আগ্রহী হবে। স্থানীয় নাগরিকদের জানান, বর্তমান যুগে ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই বিভাগের গুরুত্ব অপরিসীম। বিষয়ভিত্তিক শিক্ষার সমান সুযোগ না পেলে দ্বীপাঞ্চলের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব হোসাইন জানান, তাদের বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন নেই এবং শিক্ষার্থীর সংখ্যাও কম, যার ফলে বিভাগটি চালু করা সম্ভব হয়নি। উপজেলার আরো কয়েকটি বিদ্যালয়ে অনুমোদন থাকলেও শিক্ষার্থী না থাকায় কার্যক্রম নিয়মিত চালানো যাচ্ছে না। রাঙ্গাবালী উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদী কুমার বাহাদুর বলেন, উপজেলায় তিনটি প্রতিষ্ঠানে বাণিজ্য বিভাগ চালু থাকলেও শিক্ষার্থী সংখ্যা খুবই কম। তবে কোনো প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে চাহিদা এলে এবং শিক্ষার্থী থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিভাগ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



