নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার সাথে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাংগাল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ শেষে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সাথে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নিতে চান। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও এ সময় বিরোধীদলীয় নেতাকে অবহিত করা হয়। হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে গেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরো বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলছে। চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরো সংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।
আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (ভিএফজিবি) প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বেলা ২টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধীদলের সহযোগিতা কামনা করেন। একই সাথে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশীদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।
ভিএফজিবির প্রতিনিধিদলে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), শাহিদা এইচ হুসাইন (লন্ডন), ড. শওকত আলী (নিউ ইয়র্ক) এবং বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা)। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।



