রাজশাহী ব্যুরো
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্র“তি অনুযায়ী উত্তরাঞ্চলের দুই লাখ ২৯ হাজার ৯৩৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণের আসল ও সুদ মওকুফ করা হয়েছে। এ জন্য মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ গণমাধ্যমকে জানান, দেশের প্রথম বিশেষায়িত কৃষি ব্যাংক হিসেবে রাকাব সরকার গঠনের ছয় মাসের মধ্যেই এ ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করেছে। দীর্ঘদিন ধরে খেলাপি বা মন্দ ঋণ হিসেবে থাকা এসব ঋণ পরিশোধে অক্ষম ছিলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ এবং ওই ঋণের বিপরীতে বকেয়া সমুদয় সুদ মওকুফ করা হয়েছে। তবে ১০ হাজার টাকার বেশি মূল ঋণ এ কর্মসূচির আওতায় আনা হয়নি।
রাকাব সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলার এক লাখ ৭৯ হাজার ২৭৮ জন কৃষকের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের আট জেলার ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে। সব মিলিয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলার দুই লাখ ২৯ হাজার ৯৩৩ জন কৃষকের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করেছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন উদ্যমে কৃষি উৎপাদনে বিনিয়োগ করতে পারবেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।



