পবিত্র মিলাদুন্নবী সা: উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও আদর্শের ওপর স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নগরীর শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট প্রাঙ্গণে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মির্জার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন- চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সা: ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। শৈশব থেকেই তার সততা ও মানবিকতার জন্য মক্কাবাসী তাকে ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত করেছিল। বর্তমান সমাজের অপরাধ ও অন্যায় দূর করতে রাসূলুল্লাহ সা-এর আদর্শ অনুসরণের তাগিদ দেন তিনি।
সাংবাদিক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবু সোলায়মান। এ ছাড়া অনুষ্ঠানে পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আ ন ম আবদুশ শাকুর এবং নির্বাহী কর্মকর্তা মো: আবদুল আলীম বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।



