বন্যার্তদের জন্য গান গাইবেন রুনা লায়লা

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার গানে গানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের সহায়তায় একক সঙ্গীতানুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি সম্মাননা জানানো হবে এই বরেণ্য শিল্পীকে। অনুষ্ঠানে তিনি গাইবেন নিজের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো।

কিংবদন্তি এই শিল্পীকে তার শিল্পসাধনা ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহে গান গাইবেন রুনা লায়লা। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। একাডেমির প্রশিণ ভবনের নিচতলায় হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।