ঢাবিতে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে অনলাইন ভর্তি আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর এবং শেষ হবে ২৬ ডিসেম্বর। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ ২০২৭।

গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, এবারো পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার কাঠামোয় আগের ধারা বজায় রেখে চারুকলা ও আইবিএ ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর যোগ হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন; তবে তাদের জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ প্রয়োজন। পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও পৃথক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

চারুকলা ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।