বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী। সূত্র জানায়, সকালে রাইস কুকারে রান্না করার জন্য সুইচ বোর্ডে প্লাগ যুক্ত করার সময় অসাবধানতাবশত প্লাগ বোর্ডটি ভেঙে তার হাতের ওপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা হাত থেকে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তিনি প্রাণ হারান। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।
জীবিত ভেবে কবর থেকে লাশ উত্তোলন
জামালপুরের মেলান্দহে জীবিত ভেবে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ কবর থেকে উত্তোলনের ঘটনায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে শহরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে রাতে তাকে পুনরায় দাফন করা হয়। গত শনিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে বার্ধক্যজনিত কারণে ওই নারীর মৃত্যু হলে পারিবারিক কবরস্থানে ধর্মীয় রীতিতে দাফন সম্পন্ন হয়। তবে বিকেলে তার মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে দাবি করে বলা হয় বৃদ্ধা নাকি কবরে জীবিত আছেন। স্বজনরা এতে বিশ্বাস এনে রাতে কবর খুঁড়ে লাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করলে রাত ২টায় পুনরায় দাফন করা হয়। মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা।
উপজেলা সদরের দাবিতে সুধী সমাবেশ
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদরের জন্য নির্ধারিত নয়াবাড়ী মৌজায় দ্রুত প্রশাসনিক ভবনের কাজ শুরু করার দাবিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে নয়াবাড়িস্থ শাপলা চত্বরে দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরামের উদ্যোগে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশরাফ-উজ জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি এ কে এম মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক এএসপি হাম্মাদ হোসেন ও আবু সাঈদ হিরন। বক্তব্য দেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। সমাবেশে বক্তারা বলেন, একটি নতুন উপজেলা প্রতিষ্ঠা কেবল অবকাঠামো নির্মাণের বিষয় নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেয়ার সুযোগ। দীর্ঘদিনের কাক্সিক্ষত এ সরকারি গেজেটের দ্রুত বাস্তবায়ন চান এলাকার সর্বস্তরের মানুষ। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।
খালেদা জিয়ার স্মরণে বৃক্ষরোপণ
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়। গতকাল রোববার তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন সানডে’ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নান্দাইলের চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফজলে আরাফাত বলেন, সুস্থ জীবনযাপনের জন্য চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি এবং এটি আমাদের ঈমানেরই একটি অঙ্গ। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা।
গরম পানিতে পড়ে কিশোরের মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে অটো চাউলকলের ছাই ও গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জবন এলাকার তানজিদা অটো চাউলকলে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রিয়ালের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে গ্রামের বাড়িতে নানাবাড়িতে থাকত। শনিবার সকাল থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যায় চাউলকলের গরম পানির পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা এসে পানির তলদেশ থেকে তার লাশ উদ্ধার করেন। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা।
যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বসতঘরের কাঠের ধরনার সাথে গলায় কাপড় পেঁচিয়ে অনিমেষ কর্মকার (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত শনিবার গভীর রাতে সদর ইউনিয়নের নগরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিমেষ ওই গ্রামের মৃত অরুণ চন্দ্র কর্মকারের ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান অনিমেষ। ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত থানায় খবর দেন। নিহতের বড় ভাই অসিত কর্মকার জানান, অনিমেষ দীর্ঘ ৭-৮ মাস ধরে মারাত্মক মানসিক রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। মানসিক বিষণœতা থেকেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
প্রক্সি দিয়ে প্রাথমিক শিক্ষক বরখাস্ত
অন্য প্রার্থীর হয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে কারাদণ্ড পাওয়ার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে ‘জারিকারক’ পদের পরীক্ষায় জালিয়াতি করে অংশ নিতে গিয়ে ঢাকার লালবাগে ধরা পড়েন তিনি। পরবর্তীতে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। জালিয়াতির বিষয়টি গোপন রেখে জুয়েল ছুটি বাড়িয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ পেলে উপজেলা শিক্ষা অফিস শোকজ করে। নির্ধারিত সময়ে জবাব না দেয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।
প্রতিপক্ষের হামলায় ৩০ বাড়িতে ভাঙচুর
ঝিনাইদহের শৈলকূপার দলিলপুর গ্রামে সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এ হামলায় নারীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গ্রামে প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় কাদের মেম্বার ও আবু শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্বের মারামারির ঘটনার জের ধরে আবু শেখের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাদের মেম্বারের সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রায় ৩০টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ ব্যাপক লুটপাট চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, লিখিত অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা।



