ঢাকা জেলা প্রতিনিধি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপকৌশল নিয়েছিল।
গতকাল সকালে কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিপুন রায় বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই এটা ঠিক না থাকলে জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। ফ্যাসিবাদী সরকার শিক্ষার্থীদের অটো পাসের সুযোগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মিডডে মিল প্রকল্প চালু করা হয়েছে। মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারী। উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো: নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।



