হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৯ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৮ জন।

একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১২ হাজার ৭৯১ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ ৬ হাজার ৫৬৫ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮৬ হাজার ৬২ জন।

সিলেটে আরেক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে হামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের শিশু জায়ান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় আরো চার জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৯ জন। গতকাল এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।