পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর অব্যাহতির দাবি নাগরিক পরিষদের

Printed Edition

খাগড়াছড়ি সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রামের উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রস্তাবিত আয়কর অব্যাহতিকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। পাশাপাশি তিন পার্বত্য জেলার বাঙালি বাসিন্দাদের জন্যও একই সুবিধা এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাজারফান্ডভিত্তিক ব্যাংক ঋণ পুনরায় চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো: আবদুল মজিদ বলেন, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী কর্তৃক পাহাড় ও সমতলের উপজাতি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির প্রস্তাব তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক। তার দাবি- পার্বত্য অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৫৪ শতাংশ বাঙালি হলেও তারা এ সুবিধার বাইরে থাকছেন।

ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চাকরি ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের বাঙালিরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানান তিনি। একই সাথে পার্বত্য চুক্তির বিভিন্ন সুবিধা, সরকারি চাকরির কোটা, উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন অনুদান বণ্টনের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে বলে তার অভিযোগ।

সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে পার্বত্য অঞ্চলের চারজন সংসদ সদস্যের যৌথ স্বাক্ষরে পাঠানো একটি চিঠিতে উপজাতিদের জন্য পূর্ণাঙ্গ আয়কর অব্যাহতি বহাল রাখার যে সুপারিশ করা হয়েছে তাতে পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর স্বার্থ উপেক্ষিত হয়েছে বলেও লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়।