নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ খালাস চেয়ে আপিল করেছেন গ্রেফতারকৃত চার আসামি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। এ বিষয়ে আপিলকারী আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, ‘দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি- পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ চারজনের খালাস চেয়ে আপিল দায়ের করেছি। আশা করি আপিল বিভাগের নিয়মানুযায়ী আপিল শুনানি অনুষ্ঠিত হবে।’ তিনি আরো বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অভিযোগ সঠিকভাবে প্রমাণিত হয়নি। আশা করি আপিল বিভাগে আসামিপক্ষ ন্যায়বিচার পাবেন।’
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেন, ‘আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আবু সাঈদ হত্যা মামলার ৩০ আসামির মধ্যে সাতজন গ্রেফতার রয়েছেন। রায়ের বিরুদ্ধে গ্রেফতারকৃত আসামিরা আপিল করলে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেবে। আমরা আশা করব আসামিদের সাজা বহাল থাকবে।’
গত ৯ এপ্রিল রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারক মো: মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গত ১৬ জুন এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ে কে কী সাজা পেয়েছেন
রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তিনজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। তারা হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এ ছাড়া ২৪ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
১০ বছরের সাজাপ্রাপ্ত সাতজন হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান ওরফে বেল্টু, বেরোবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, নিষিদ্ধ ছাত্রলীগের বেরোবি শাখার সভাপতি পোমেল বড়ুয়া।
অন্য দিকে সাতজনের পাঁচ বছরের সাজা হয়েছে। তারা হলেন- আরপিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ওরফে টিটু, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী ওরফে সুমন, বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের রংপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ ওরফে দিশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ওরফে মাসুদ, বেরোবির অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, রংপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: সারোয়াত হোসেন ওরফে চন্দন।
তিন বছরের সাজাপ্রাপ্তরা হলেন- বেরোবির সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম, সহসভাপতি ফজলে রাব্বী ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বী, সহসভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ ওরফে আরিফ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার ওরফে টগর, দফতর সম্পাদক বাবুল হোসেন, বেরোবির এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল। এ ছাড়া এমএলএসএস এ কে এম আমির হোসেন ওরফে আমু ও নিরাপত্তা প্রহরী নূর আলম মিয়ার দু’বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৬ সালের ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
গ্রেফতার সাতজন
এ মামলায় সাতজন গ্রেফতার রয়েছেন তারা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো: আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। সবশেষ গত ১৬ মে সাবেক ভিসি অধ্যাপক মো: হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পলাতক আসামির মধ্যে রয়েছেন- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো: মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো: হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো: মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল রয়েছেন।



