বিশেষ সংবাদদাতা
সদ্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিদেশী পর্যবেক্ষকদের সার্বিক কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের কর্মকর্তাদের এ কমিটিতে রাখা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ইসির সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাতকে (প্রকাশনা ও ডকুমেন্টেশন) আহ্বায়ক, সদস্যসচিব করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপপরিচালক/সম্পাদক মামুন অর রশিদকে। এ ছাড়া সদস্য হিসেবে মোহাম্মদ ফখরুল ইসলাম (উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর) ও মো: রুহুল আমিন মল্লিক (পরিচালক, জনসংযোগ, ইসি), এনআইডি উইং, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গণযোগাযোগ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসির অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ জন বিদেশী পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।


