সাংস্কৃতিক প্রতিবেদক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করতে পারেন।
স্বজনরা জানান, সকালে পরিবারের সদস্যরা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভোরে এক ব্যক্তির সাথে ভিডিও কলে রিধিকার তীব্র কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করেন। এ ঘটনায় তার পরিবার ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার কর্মজীবন ও পরিচিতি শুরু করেন। ছোট পর্দার অভিনয়শিল্পী হিসেবে বেশ কিছু উল্লেখযোগ্য নাটকে কাজ করে তিনি দর্শকের নজর কেড়েছিলেন। তার অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে, এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন, সুন্দরী।



