ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার কথা রাশিয়া অস্বীকার করেছে : উইটকফ

Printed Edition

রয়টার্স

যুদ্ধ চলাকালে ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে রুশ নেতারা এমনটাই দাবি করেছেন।

মঙ্গলবার সিএনবিসির ‘মানি মুভার্স’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘আমরা তাদের কথা বিশ্বাস করতেই পারি। আশা করি তারা সত্যিই কোনো তথ্য শেয়ার করছে না।’ ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে কথা বলেন। সাক্ষাৎকারে উইটকফকে প্রশ্ন করা হয়, মার্কিন যুদ্ধজাহাজ, বিমান বা ঘাঁটির তথ্য রাশিয়া ইরানকে দিচ্ছে বলে তিনি মনে করেন কি না। আর যদি তা হয়ে থাকে, তাহলে ট্রাম্প প্রশাসন কেন ভারতীয় তেল শোধনাগারগুলোকে রুশ তেল কেনা থেকে বিরত রাখার যে নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করল।

জবাবে উইটকফ বলেন, ‘আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই আপনাকে সে বিষয়ে বলতে পারব না। ‘তবে বলতে পারি, গতকাল প্রেসিডেন্টের সাথে ফোনালাপে রাশিয়ানরা বলেছে যে তারা কোনো তথ্য শেয়ার করছে না। তারা এটাই বলেছে।’

উইটকফ জানান, সোমবার সকালে তিনি এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলাদাভাবে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন। ‘ওই ফোনালাপেও উশাকভ একই কথা বলেছেন। তিনি বলেছেন, রাশিয়া ইরানের সাথে কোনো গোয়েন্দা তথ্য শেয়ার করছে না।’