৮০০ পাউন্ড পিনাট বাটারের মেঝে!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গত মাসে প্রয়াত ডাচ শিল্পী উইম টি. শিপার্সের প্রতি শ্রদ্ধা জানাতে নেদারল্যান্ডসের একটি জাদুঘরের মেঝেতে ৮০০ পাউন্ডেরও বেশি পিনাট বাটার ছড়িয়ে দেয়া হয় যা দিয়ে প্রায় ১৫ হাজার স্যান্ডউইচ তৈরি করা যেত।

৮৩ বছর বয়সে মারা যাওয়া এই ধারণাবাদী শিল্পী ১৯৬৯ সালে প্রথম ‘পিন্ডাকাসফ্লোরে’ বা ‘পিনাট বাটার ফ্লোর’ তৈরি করেন। ডাচ বন্দর নগরী রটারডামের মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বুনিংগেনের ডিপো শাখায় বৃহস্পতিবার দুই মাসব্যাপী প্রদর্শনীর জন্য শিল্পকর্মটি উন্মোচন করা হয়।

শিপার্স নেদারল্যান্ডসে একজন জনপ্রিয় প্রথাবিরোধী ব্যক্তিত্ব ছিলেন, যেখানে তিনি ‘সেসেমি স্ট্রিট’-এর ডাচ সংস্করণে আর্নি এবং কারমিট দ্য ফ্রগের চরিত্রে কণ্ঠ দিয়েছেন এবং শিল্পের অর্থ সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এমন উদ্ভট ও হাস্যকর শিল্পকর্ম তৈরি করেছেন।

“এটা কি চমৎকার নয় যে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে পিনাট বাটার দেখছি?”- ১৯৯৭ সালে উট্রেখটের সেন্ট্রাল মিউজিয়ামে সমবেত সাংবাদিকদের শিপার্স এই কথা বলেন, যেখানে ‘পিন্ডাকাসফ্লোর’ দ্বিতীয়বারের মতো প্রদর্শিত হচ্ছিল।

শিপার্স এই শিল্পকর্মটি ‘ফ্লোর কভারিং সিরিজ’-এর অংশ হিসেবে তৈরি করেন, যার মধ্যে কাচের টুকরো ও লবণ দিয়ে ঢাকা মেঝেও অন্তর্ভুক্ত ছিল।

সকালের নাশতা ও লাঞ্চবক্সের কথা মনে করিয়ে দেয়া এর সুগন্ধের কারণেই শিল্পকর্মটি সরাসরি উপভোগকারীদের মনে থেকে যায়। উদ্বোধনের দিন জাদুঘরের কর্মীরা দর্শকদের ‘গন্ধ অনুসরণ করতে’ নির্দেশ দেন, যা শিল্পকর্মটি যেখানে রাখা আছে তার তিন তলা নিচে টিকিট কাউন্টারের পাশ দিয়ে ভেসে আসছিল।

গত সপ্তাহে মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বুনিংগেনের দুজন কর্মীর একটি ২৫-বর্গমিটার (২৭০-বর্গফুট) ষড়ভুজের উপর ৪০ বালতি পিনাট বাটার ছড়িয়ে দিতে বেশ কয়েকদিন সময় লেগেছে।

এই জুটি ড্রাইওয়াল ট্রোয়েল ব্যবহার করে পিনাট বাটারটিকে ২ সেন্টিমিটার (০.৮ ইঞ্চি) পুরু করে লেপে দেন।

তার মৃত্যুর আগে, জাদুঘর এবং শিপার্স ভবিষ্যতে কিভাবে শিল্পকর্মটি আবার তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেছিলেন এবং একটি ২০-দফা পরিকল্পনা তৈরি করেন। এই পরিকল্পনার মধ্যে ছিল পিনাট বাটারটি ‘যতটা সম্ভব মসৃণ ও সাদামাটাভাবে’ প্রয়োগ করার শর্ত এবং ‘কেউ যেন পিনাট বাটারের উপর দাঁড়াতে বা শুয়ে পড়তে না পারে।’

শিপার্স শিল্পকর্মটির আকার বা আকৃতি নির্দিষ্ট করে বলেননি, তবে তিনি বলেছিলেন যে এটি মসৃণ পিনাট বাটার হতে হবে এবং তিনি ডাচ পিনাট বাটার ব্র্যান্ড ক্যালভে পছন্দ করেন। এই শিল্পকর্মটির জন্য কোম্পানিটি ৪০ টাব পিনাট বাটার দান করেছিল।