নাইজেলের ২ সন্তান বিশ্বকাপ দলে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নাইজেলের দুই সন্তান লরেন জেমস ও রিস জেমস। বছর দুয়েকের ছোট-বড় দুই ভাই বোন খেলছেন ইংল্যান্ডের জাতীয় দলে। কখনো কোনো বাবা সন্তানের প্রথম হাঁটা দেখে আবেগে কেঁদে ফেলেন, কেউ প্রথম স্কুলে যাওয়ার দিনটি আজীবন মনে রাখেন! কিন্তু নাইজেল জেমসের স্মৃতির অ্যালবামে জায়গা করে নিয়েছে আরো বিরল এক দৃশ্য। তাই এখনো মাঝেমধ্যে ভাবেন এটা কি সত্যিই বাস্তব, নাকি বাবা হিসেবে অসম্ভব সুন্দর স্বপ্ন?

দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বলডনে গত প্রায় ২৪ বছর ধরে শিশু-কিশোরদের ফুটবল শেখাচ্ছেন নাইজেল। আধুনিক যুগে ইংল্যান্ডের জাতীয় দলে খেলা প্রথম ভাই-বোন জুটির বাবা তিনি। বিশ্বকাপকে সামনে রেখে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে নাইজেল বলেন, ‘বারবার নিজেকে জিজ্ঞেস করি, চিমটি কাটি । আসলেই কি আমার জীবনে এমন কিছু ঘটেছে? যদিও এটা এখন বাস্তবতা। গত শুক্রবার সন্ধ্যায় রিস আমাদের সাথে অনুশীলন করেছে। বন্ধুদের সাথে খেলেছে, গোল করেছে। ওর কাছে ফুটবল ছিল আনন্দের জায়গা। আজকাল শিশুদের সেই পুরনো ‘ইয়ুথ ক্লাব’ সংস্কৃতি আর নেই।’

বর্তমানে চেলসির ডিফেন্ডার রিস জেমস ইংল্যান্ডের বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপে দলের শুরুর একাদশে রক্ষণভাগে তাকে দেখা যেতে পারে। অন্য দিকে লরেন জেমস ইংল্যান্ড নারী দলের অন্যতম তারকা। ইংল্যান্ড জাতীয় দলে ২০২০ সালে অভিষেক হয় রিসের। এখন পর্যন্ত খেলেছেন ২৩টি ম্যাচ। ২০২৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজের ক্যারিয়ারের একমাত্র গোলটি করেন এই রাইট ব্যাক ডিফেন্ডার।

বিশ্বকাপে ইংল্যান্ডের গত ৭ জুনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধের পুরো সময় মাঠে ছিলেন রিস। হ্যারি কেইনের গোলে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল ইংলিশরা। বিশ্বকাপের নকআউট পর্বে ছেলেকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন নাইজেল। ইংল্যান্ডের সম্ভাবনা নিয়েও তিনি বেশ আশাবাদী!

নাইজেলের দুই সফল সন্তান রিস জেমস ও লরেন জেমস উভয়েই বর্তমানে ফুটবলের শীর্ষ স্তরে আলো ছড়াচ্ছেন। রিস জেমস ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব চেলসি এফসি এর অধিনায়ক. শৈশব থেকেই (৬ বছর বয়স) তিনি চেলসির অ্যাকাডেমিতে যুক্ত ছিলেন এবং ২০২৬ সালে ক্লাবটির সাথে নিজের চুক্তি ২০৩২ সাল পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। রিস মূলত তিনি একজন বিশ্বমানের রাইট-ব্যাক খেলোয়াড়। তবে তার চমৎকার পাসিং ও ট্যাকলিং দক্ষতার কারণে বর্তমান সময়ে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার বা মাঝমাঠেও খেলতে দেখা যায়।

লরেন জেমস চেলসির নারী ফুটবল দল চেলসি উইমেন এর হয়ে ফরোয়ার্ড পজিশনে খেলছেন। চেলসিতে যোগ দেয়ার আগে তিনি আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। তিনি চেলসির সমর্থকদের ভোটে ২০২৫/২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।