নয়া দিগন্ত ডেস্ক
রাজশাহীর পবায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এ দিকে চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পবা উপজেলায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় জনতার মারধরে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার বেলা ১টায় পবা উপজেলার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার ভ্যানচালক মতিন আলীর ভ্যানে ওঠে। পথে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ ওঠে। শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে আরো কয়েকবার একই ধরনের আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিশু বাড়িতে পৌঁছে বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। এতে সে আহত হয়।
পরে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। একই সাথে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার বেলা পৌনে ১টার দিকে মাঝিরঘাটের ১ নম্বর জুটলি ঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সদরঘাট থানার ওসি মো: মিজানুর রহমান জানান, দুপুরে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি আরো জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



