জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ইআবিতে আলোচনা সভা ও দোয়া

Printed Edition

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং কর্মময় জীবন থেকে শিক্ষা ও প্রেরণা নিয়ে দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নেও জিয়া পরিবারের অবদান বিশেষভাবে স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর সরকারের সময়ে মাদরাসা শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্বে ফাজিল শ্রেণীকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের সমমান প্রদান করা হয়, যা মাদরাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে অধিকতর সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দফতরের প্রকল্প পরিচালক প্রফেসর নওশের আলী, উপ-পরিচালক মো: জিয়াউর রহমান।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন ও রাষ্ট্র পরিচালনায় তার অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে বিশেষ মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।