হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এই রোগে মোট মৃত্যু ৯৮৩ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে তিনজন করে ঢাকা বিভাগের ও অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭ জন। এর মধ্যে এক হাজার ৩৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৩ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৯ শিশু। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৮৪ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৬০ হাজার ১৮৪ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৯ হাজার ৪৪৭ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৩১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৪০ হাজার ৪৭২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৩৫ হাজার ৪১৭ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৬০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৫৪, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৭৫, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।