সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে এবং বন্ধ করে দেয়া করাখানাটি খুলে দেয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় অবরোধ করেছে। হাইওয়ে থানা পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানাটির শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে মালিকপক্ষ ১৮ ফেব্রুয়ারি থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে মালিকপক্ষের সাথে আলোচনা করার ঘোষণা দিলে শ্রমিকরা পৌনে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।



