চুয়াডাঙ্গায় ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস কর্মসূচির ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ওএমএস ডিলার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে একটি আলমসাধুতে বহন করা সরকারি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, জব্দকৃত চাল ও আটা ওএমএস কর্মসূচির আওতাভুক্ত।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজন তার গুদাম থেকে সরকারি চাল ও আটা অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলমসাধু থেকে সাত বস্তা চাল ও দুই বস্তা আটা উদ্ধার করে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা সরকারি খাদ্যসহায়তার পণ্য জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘সরকারি খাদ্যসহায়তা কর্মসূচির চাল-আটা অবৈধভাবে বিক্রি বা পাচার করার সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

অভিযানে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।