নয়া দিগন্ত ডেস্ক
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে রেকর্ড ৭৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল। তবে গতকাল সেই রেকর্ড ভেঙে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জন।
এর মধ্যে চলতি বছর গতকাল পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন নারী ও ২২ জন পুরুষ। এর মধ্যে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ।
গতকালের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১০ জন ও ডিএসসিসি এলকার হাসপাতালে ১০৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছেন।
অপর দিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ১০১ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হন।
সিলেটে আরো ৫ জন শনাক্ত
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ রোগীর মধ্যে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।



