এইচআরএসএসের প্রতিবেদন

মে মাসে রামিসার মতো যৌন নিপীড়নের শিকার ৪২ শিশু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গত ১৯ মে ঢাকার মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ঘাতক। যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে গত মে মাসে শুধু রামিসার ওপরই পাশবিক নির্যাতন হয়নি, এ রকম ঘটনায় মোট ৩০৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৪২ শিশু। আরো উদ্বেগজনক খবর হলো- নির্যাতনের শিকার শিশুদের মধ্যে ৫৬ জনই প্রাণ হারিয়েছে।

গতকাল গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি-এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে ৩০৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৮৩ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এর ৫৭ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১৭ জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছে। অন্য দিকে ৭৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে, তন্মধ্যে শিশু ৪২ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত তিন, আহত চার এবং আত্মহত্যা করেছেন একজন নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৬৩ জন, আহত হয়েছেন ৩১ জন এবং আত্মহত্যা করেছেন ৪৫ জন নারী। এ ছাড়া এসিড নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন একজন। অন্য দিকে অন্তত ২১৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ৫৬ জন প্রাণ হারিয়েছে এবং ২১১ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের মে মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।