আলজাজিরা
মাদাগাস্কারের দ্বিতীয় বৃহত্তম শহর তোআমাসিনায় ঘূর্ণিঝড় গেজানি আঘাত হানার পর অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, এখনো ছয়জন নিখোঁজ এবং ৩৭৪ জন আহত।
গেজানি মঙ্গলবার তোআমাসিনায় আঘাত হানে, যেখানে বাতাসের গতি ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার। শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মাদাগাস্কারের নতুন নেতা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। তিনি জাতীয় দুর্যোগ ঘোষণা করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। শহরের প্রায় ১৮ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং ৫০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা প্লাবিত হয়েছে। অনেক মৃত্যু ঘটেছে ভবন ধসে পড়ায়। রাজধানী আন্তানানারিভোর সাথে প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়ে মানবিক সহায়তা পৌঁছানো ব্যাহত হয়েছে। আসিনানানা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্রান্স তাদের রিইউনিয়ন দ্বীপ থেকে খাদ্য ও উদ্ধার দল পাঠিয়েছে। জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা বলেছে, ধ্বংসযজ্ঞ ও বিপর্যয়ের কারণে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। গেজানি ভূমিতে আঘাত হানার পর দুর্বল হয়ে বুধবার পর্যন্ত ট্রপিক্যাল ঝড় হিসেবে প্রবাহিত হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে এটি আবার শক্তিশালী হয়ে মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।



