গাজীপুর মহানগর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে পেশাদারিত্ব, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
গতকাল গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)- ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে ভিসি বলেন, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজ নিজ ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হবে। দল ও সরকারকে যেমন এক করা যায় না, তেমনি বিশ্ববিদ্যালয় ও কোনো দলের সাংগঠনিক কাঠামো এক নয়। বিশ্ববিদ্যালয়কে তার নিজস্ব আইন, বিধি-বিধান, অ্যাকাডেমিক মূল্যবোধ ও প্রশাসনিক পেশাদারত্বের ভিত্তিতে পরিচালনা করতে হবে। মত ও পথের ভিন্নতা থাকলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সবাইকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক মো: লুৎফর রহমান প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন, জিয়া পরিষদ। জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম এবং গাজীপুর জেলা সভাপতি ইয়াকুব মিয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



