গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে একদিনের ব্যবধানে একই পোশাক কারখানার প্রায় অর্ধশত শ্রমিক আবারো অস্্ুস্থ হয়েছে। অসুস্থতার জন্য শ্রমিকরা এবারো কারখানা কর্তৃপক্ষ সরবরাহকৃত পানি পান করাকেই কারণ হিসেবে দায়ী করেছে। কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করেছে। শনিবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার কারণ অনুসন্ধানে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে।
শ্রমিকরা জানায়, সকালে যথাসময়ে তারা কারখানায় উপস্থিত হয়ে কাজে যোগদান করেন। ঘণ্টাখানেক পর কয়েকজন শ্রমিক কারখানার সাপ্লাই পানি পান করে। অল্প কিছুক্ষণ পর শ্রমিকরা মাথা ঘোরা, বমি, পেট ব্যথা, শরীর দুর্বল ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একে একে বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতালে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে বেশির ভাগ শ্রমিক শঙ্কামুক্ত রয়েছেন।



