সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার এ প্রতিযোগিতার ফালাফল ঘোষণা করা হয়। এর আগে তিনি ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৮ বার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জেলা প্রধান শিক্ষক ও চারবার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হন।
বি. আর বিলকিস দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন। বি. আর বিলকিস বলেন, সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে।



