খুলনা-সিলেটে সন্তান হত্যা অভিযুক্ত বাবা-মা

সারা দেশে পৃথক ঘটনায় নিহত ৮

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

খুলনা ও সিলেটে পৃথক ঘটনায় বাবা-মায়ের হাতে দুই কিশোরী নিহত হওয়ার অভিযোগসহ দেশের বিভিন্ন জেলায় পৃথক সহিংস ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশ তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গত কয়েক দিনের ঘটনাগুলোতে পারিবারিক বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব, ডাকাতি, পূর্বশত্রুতা ও রহস্যজনক মৃত্যুর চিত্র উঠে এসেছে। আলোচিত দু’টি ঘটনায় খুলনায় এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। অন্য দিকে সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

অন্য দিকে বগুড়ায় রাইস মিল মালিককে হত্যা করে ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই জেলায় আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছুরিকাঘাতে নিহত হয়েছে এক কিশোর। চট্টগ্রামের আনোয়ারার উপকূলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ ছাড়া কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক মাদক মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অধিকাংশ ঘটনায় পুলিশি তদন্ত শুরুর পাশাপাশি কয়েকটি ঘটনায় মামলা ও গ্রেফতারের কার্যক্রম চলছে।

ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

খুলনা ব্যুরো জানায়, মহানগরীর সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। তদন্ত অনুযায়ী, পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যায় মা ও বাবা দু’জনই জড়িত। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে নির্জনার মা জানান, বাগি¦তণ্ডার একপর্যায়ে তিনি মেয়েকে মারধর করেন। এ সময় বাবা কাঠের বাতা দিয়ে মাথায় আঘাত করলে নির্জনার মৃত্যু হয়। পরে লাশ বস্তাবন্দী করে মোটরসাইকেলে করে নিরালা এলাকার একটি ভবনের সামনে ফেলা হয়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের পর মাকে গ্রেফতার করে। জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বাবাকে গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, নিহতের বাবা-মা দু’জনই মাদকাসক্ত বলে জানা গেছে।

বিয়ানীবাজার সংবাদদাতা জানান, পুকুরে গোসলরত অবস্থায় রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। অভিযুক্ত বাবা পালিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

বগুড়া অফিস জানিয়েছে, শিবগঞ্জে রাইস মিল মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা করে তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ট্রান্সফরমার চুরির সময় মালিক তাদের দেখে ফেললে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। গ্রেফতার দুই আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

একই জেলার সদর উপজেলার লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

কুলিয়ারচর সংবাদদাতা জানিয়েছেন, উপজেলার বড়চারা এলাকায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধের জেরে হামলাকারীরা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আনোয়ারা সংবাদদাতা জানান, উপজেলার উপকূলীয় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে এসে লাশটি বেড়িবাঁধের ব্লকে আটকে যায়। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সরাইল সংবাদদাতা জানিয়েছেন, উপজেলায় জিহাদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

নিকলী সংবাদদাতা জানান, নিকলী থানা হাজতে মাদক মামলার আসামি রুবেল হাওলাদারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।