লক্ষ্মীপুর পৌরসভার সেবা নিয়ে পানি মন্ত্রীর ক্ষোভ

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান ও দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে পৌরসভার লামচরী জামে মসজিদের মুসল্লিদের মেধাবী সন্তানদের সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চরম উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সুযোগ থাকা সত্ত্বেও তারা পানি নিষ্কাশনের ড্রেন, জলাশয় ও রাস্তাঘাটের কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করছেন না। সরকারের গৃহীত উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে স্বল্প সময়ে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন সম্ভব হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের রেললাইন, নার্সিং ইনস্টিটিউট, মেডিক্যাল কলেজ ও একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। সরকারের উন্নয়ন কাজে দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী সৈয়দ শামসুল আলম, সরকারি কলেজের অধ্যক্ষ মো: ইউসুফ, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, শিক্ষা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী ও চিকিৎসকসহ পাঁচজন মেধাবী সন্তানকে সংবর্ধনা দেয়া হয়।