দ্য হিন্দু
ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। গত মঙ্গলবার বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন তিনি। বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তন এবং আধুনিক যুদ্ধকৌশলে প্রযুক্তির ব্যবহারের এই চ্যালেঞ্জিং সময়ে ভারতের প্রায় ১৩ লাখ জওয়ানের নেতৃত্ব দেবেন নতুন এই সেনাপ্রধান।
জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘ প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি উত্তর ভারতের মরুভূমি অঞ্চলের একটি বিশেষ সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে উগ্রবাদবিরোধী বিশেষ কাউন্টার-ইন্সারজেন্সি ফোর্সের শীর্ষ কমান্ডার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সামরিক মহলে মূলত একজন ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত ধীরাজ শেঠ বিদায়ী সেনাপ্রধানের মেয়াদে সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড ‘সুদর্শন চক্র কোর’-এর উপ-সেনাপ্রধানের দায়িত্বেও যুক্ত ছিলেন।
নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পাশাপাশি ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ স্তরে একযোগে আরো বেশ কিছু বড় ধরনের রদবদল করা হয়েছে। সেনাবাহিনীর নতুন সহ-সেনাপ্রধান (ভাইস চিফ অফ আর্মি স্টাফ) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন।



