ক্রীড়া প্রতিবেদক
টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে বিশাল রান পিছিয়ে থেকেও সবচেয়ে বেশি তিনবার ম্যাচ জেতার অনন্য রেকর্ড অস্ট্রেলিয়ার। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় জয় ১৯৯২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। যেখানে প্রথম ইনিংসে ২৯১ রানে পিছিয়ে থেকেও অ্যালান বর্ডারের দল শেষ পর্যন্ত ১৬ রানের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয়। এ ছাড়া ১৯৫০ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটের জয় এবং সবশেষ ১৬ বছর আগে ২০১০ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানে পিছিয়ে থেকে ৩৬ রানে জয় তুলেছিল অসিরা।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। ১৮৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই প্রথম ইনিংসে ২৬১ রান পিছিয়ে থেকেও ১০ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল ইংলিশরা। এরপর ১৯৮১ সালে লিডসের ঐতিহাসিক অ্যাশেজে (যা বোথামস টেস্ট নামে পরিচিত) ২২৭ রান পিছিয়ে থেকেও ১৮ রানে জিতেছিল তারা। এ ছাড়া ২০০৬ সালে ওভালে পাকিস্তানের বিপক্ষে ৩৩১ রানের বিশাল ঘাটতি পেরিয়ে জয়ের রেকর্ডও রয়েছে ইংল্যান্ডের। যদিও সেই ম্যাচে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানিয়েছিল।
এ ছাড়া ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ২৭৪ রানে পিছিয়ে থেকেও ফলোঅনে পড়ে মহানাটকীয়ভাবে ১৭১ রানের অবিস্মরণীয় জয় তুলে নিয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত। আর ২০২৩ সালে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৬ রান পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতেছিল।



