চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১৩ জুন লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এই সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে ইনশাআল্লাহ।
গতকাল সন্ধ্যায় ১৩ জুনের সমাবেশকে সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উত্তরাঞ্চলের থানা শাখার দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলমসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ শাহজাহান আরো বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধি জনগণকে অতিষ্ঠ করে তুলেছে। সবকিছুর মূল্যবৃদ্ধি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে জনগণ সরকার পতনের ডাক দিতে বাধ্য হবে।



