শিশুদের পাসপোর্টের জন্য মা-বাবার নাগরিকত্বের প্রমাণ চাইবে যুক্তরাষ্ট্র

Printed Edition

রয়টার্স

জন্মাধিকার সূত্রে নাগরিকত্ব সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে, শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবাকে তাদের নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ সরবরাহ করার নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

রয়টার্সের পর্যালোচনা করা খসড়া নির্দেশনায় ট্রাম্পের গত ৬ আগস্টের নির্বাহী আদেশ কিভাবে প্রয়োগ করা হতে পারে, তার প্রথম বিস্তারিত চিত্র সামনে এসেছে। এই আদেশে ‘বার্থ ট্যুরিজম’ বা জন্ম-পর্যটনকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যতিক্রমগুলোর পরিধি বাড়ানো হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউজ রয়টার্সের প্রশ্নগুলো পররাষ্ট্র দফতরের কাছে পাঠায়। দফতরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার প্রশাসন মার্কিন নাগরিকত্বের মর্যাদা ও গুরুত্ব সম্পূর্ণভাবে রক্ষা করবেন। আর এর মধ্যে রয়েছে পাসপোর্ট যাচাই প্রক্রিয়ায় সেই মানদণ্ডের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা।’ অভিবাসন সংক্রান্ত ব্যাপক কড়াকড়ির ক্ষেত্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা প্রেসিডেন্টের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। এর আগে ট্রাম্পের দেয়া একটি প্রাথমিক নির্বাহী আদেশে বলা হয়েছিল, কেবল এমন শিশুরাই জন্মের পর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে যাদের মা-বাবার অন্তত একজন মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী বৈধ স্থায়ী বাসিন্দা। কিন্তু ৬-৩ বিচারপতির ব্যবধানের রায়ে সুপ্রিম কোর্ট এই আদেশকে বেআইনি হিসেবে বিবেচনা করে।