সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিভিন্ন সময়ে এ দেশের মানচিত্রের পরিবর্তন হয়েছে। কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১৯৪৭ সালের আগে যেমন বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করেছেন, পরবর্তী সময়েও সেই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রয়েছে। এখনো আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করছি।
শুক্রবার রাতে সিলেটের যুগলটিলাস্থ ইসকন মন্দিরে বলরাম জয়ন্তী, রাধা-মাধবের গ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অসাম্প্রদায়িক দেশ গড়তে বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কোনো অশুভ শক্তি যাতে সিলেটের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ ও সতর্ক রয়েছি।
আলোচনা সভায় বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও সিলেটের অধ্যক্ষ অদ্বৈত নবদ্বীপ স্বামী।
দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ইসকন বাংলাদেশের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী এবং সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।



