সরাইলে বাস খাদে নিহত ৪, আহত ১৫

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুঘটনায় গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ ও টাঙ্গাইলে নিহত হয়েছেন আরো দুইজন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী মুন্সী (৬৫) ও তার নাতি আলিফ মিয়া (৭), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, সরাইল হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া মেড্ডাগামী দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস ইউনিট ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

সরাইল ফায়ার সার্ভিস প্রধান রিয়াজ মোহাম্মদ বলেন, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশা উল্টে মো: রজব আলী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী ওই গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন রজব আলী। পথে বিছনা গ্রামের একটি ভাঙা সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজব আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম রমিসা বেগম (৭০)। তিনি উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরী গ্রামের হাজী মেছের আলীর স্ত্রী।

প্রত্যদর্শী মো: মুকুল হোসেন জানান, সোমবার সকালে ফজর নামাজ পড়ে রমিসা বেগম বাড়ির সামনের (চাপড়ী-রক্তিপাড়া) রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় চাপড়ী বাজার হতে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।