মতলব সেতুর সংযোগ সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা

Printed Edition
মতলব সেতুর উত্তর পাশের এ্যাপ্রোচ সড়কে গভীর গর্ত : নয়া দিগন্ত
মতলব সেতুর উত্তর পাশের এ্যাপ্রোচ সড়কে গভীর গর্ত : নয়া দিগন্ত

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

ভারী বৃষ্টির কারণে চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর পাশের সংযোগ সড়কে (অ্যাপ্রোচ) বড় ধরনের ধস দেখা দিয়েছে। এতে সড়কের নিচে গর্ত (সুরঙ্গ) সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

গত শুক্রবার বিকেলে সরেজমিন দেখা যায়, সেতুর উত্তর প্রান্তের বাইশপুর এলাকায় সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আরো বড় ধরনের সুরঙ্গ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কার করেছিল। তবে টানা বৃষ্টিতে আবারো একই স্থানে ধস দেখা দিয়েছে। ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, দ্রুত স্থায়ীভাবে সংস্কার না করলে এটি আরো ঝুঁকির মুখে পড়বে। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, ভারী বৃষ্টিতে সড়কে ধস নেমেছে। তিনি জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা আশ্বাস দিয়েছেন।