নিজস্ব প্রতিবেদক
ভালো মানের স্বাস্থ্যসেবা বিদেশগামী রোগীদের স্রোত ঠেকাতে পারবে। নেতিবাচক প্রচারণা থাকলেও বাংলাদেশের স্বাস্থ্যসেবা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, তবে আরো ভালো করতে হবে। গতকাল মঙ্গলবার নয়া দিগন্তের সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও হেলথকার্ড বিতরণ অনুষ্ঠানে নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর এসব কথা বলেন। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনসাফ-বারাকাহ ট্রাস্টের দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: মো: রুহুল আমিন, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ইনসাফ বারাকাহ হাসপাতালের ডা: আজিজুল শরীফ, নয়া দিগন্তের সিটি এডিটর মো: আশরাফুল ইসলাম, ইনসাফ বারাকাহর সহকারী ব্যবস্থাপক মো: আবদুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মো: দুলাল হোসেন।
নয়া দিগন্ত সম্পাদক বলেন, চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে বছরে কোটি কোটি টাকা চলে যাচ্ছে। আমাদের চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনা আরেকটু উন্নতি করতে পারলে এই টাকাটা দেশেই থেকে যেতে পারত। তিনি ইনসাফ বারাকাহ হাসপাতাল সম্পর্কে বলেন, এই হাসপাতালটি সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। স্বল্পমূল্যে ডায়াগনসিস করা যাচ্ছে এখানে, চিকিৎসকদের ফিও খুব বেশি না; কিন্তু মানসম্পন্ন সেবা পাচ্ছেন রোগীরা। ইনসাফ-বারাকাহ হাসপাতাল জনকল্যাণে আরো বেশি কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকরা সবার খোঁজখবর রাখেন, কিন্তু সাংবাদিকদের খবর খুব কম মানুষ অথবা প্রতিষ্ঠান রাখে। এ ক্ষেত্রে ইনসাফ-বারাকাহ সাংবাদিকদের সেবায় এগিয়ে এসেছে বলে তিনি প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান।
অধ্যাপক ডা: মো: রুহুল আমিন বলেন, আমরা চ্যালেঞ্জ পছন্দ করি, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারলে সঠিক কাজটি সঠিকভাবে করা যায়। আমাদের উদ্দেশ্য মানুষের কল্যাণ করা। সে জন্য ইনসাফ-বারাকাহ হাসপাতালে উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে, বিপরীতে মিনিমাম মূল্যে সেবা দিচ্ছি। সেবাটাই প্রথম উদ্দেশ্য বলে সর্ব ক্ষেত্রে আমরা নৈতিক চর্চা করে থাকি। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফি থেকে আমরা ডাক্তারদের কমিশন দেই না। সেই কমিশনটা রোগীদের দিয়ে থাকি অর্থাৎ অন্যান্য ডায়গনস্টিক থেকে কম মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য সেবা দিয়ে থাকি।
মাসুমুর রহমান খলিলী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা ধীরে ধীরে উন্নতি ঘটছে বলে প্রতিবেশী দেশের হাসপাতালগুলোর বিজনেস হাতছাড়া হয়ে যেতে বসেছে। এ কারণে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় ষড়যন্ত্র শুরু হয়েছে, এখানকার স্বাস্থ্যব্যবস্থা যত উন্নত হবে, ততই বিদেশে রোগী যাওয়া কমবে এবং আমাদের স্বাস্থ্যব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়তে থাকবে। তিনি আশা করেন, সব কিছু ছাড়িয়ে আমাদের স্বাস্থ্যব্যবস্থা এগিয়ে যাবে।
সকাল থেকে বিকেল পর্যন্ত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রক্ত পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরিমাপ শেষে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ব্যবস্থা ছিল। বিকেলে সমাপনী অনুষ্ঠানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণকারীদের ইনসাফ-বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধাসংবলিত হেলথকার্ড বিতরণ করা হয়।



