এআইনির্ভর ছবি এখন মিলবে গুগল সার্চেই

Printed Edition
এআইনির্ভর ছবি এখন মিলবে গুগল সার্চেই
এআইনির্ভর ছবি এখন মিলবে গুগল সার্চেই

প্রযুক্তি ডেস্ক

ইন্টারনেটে মনের মতো ছবি খুঁজে না পেয়ে অনেকেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শরণাপন্ন হন। ব্যবহারকারীদের এই হয়রানি কমাতে এবার গুগল সার্চের ভেতরেই যুক্ত হচ্ছে সরাসরি ছবি তৈরির সুবিধা। অর্থাৎ, গুগলে ছবি খোঁজার পাশাপাশি এখন নিজের পছন্দমতো ছবি বানিয়েও নেয়া যাবে।

গুগলের ‘এআই ওভারভিউস’ ফিচারে যুক্ত হতে যাওয়া এই সুবিধাটি চলবে তাদের একদম নতুন ইমেজ মডেল ‘ন্যানো বানানা’র ওপর ভিত্তি করে। সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য এই ফিচারের কারণে ইন্টারনেটে আগে থেকে আপলোড করা ছবির ওপর মানুষের নির্ভরতা অনেকটাই কমে আসবে।

নতুন এই ব্যবস্থার কার্যপদ্ধতি বেশ সহজ। গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পর যদি নিখুঁত ছবি না পাওয়া যায়, তবে সেখানেই নতুন ছবি তৈরির অপশন চলে আসবে। এমনকি ব্যবহারকারী যে লেখাটি দিয়ে সার্চ করেছিলেন, সেটাকেই কমান্ড বা প্রম্পট হিসেবে ব্যবহার করে একদম নতুন একটি ছবি তৈরি করে দেবে গুগলের এআই। পুরো প্রক্রিয়াটি গুগল সার্চ ইঞ্জিনের ভেতরেই ঘটবে, ফলে ছবি বানানোর জন্য আলাদা কোনো অ্যাপ বা থার্ড-পার্টি ওয়েবসাইটে যাওয়ার ঝামেলা থাকবে না। এর পাশাপাশি গুগল তাদের ‘ইমেজ সার্চ’ অপশনের নকশাতেও পরিবর্তন আনছে, যাতে আগের চেয়ে অনেক দ্রুত প্রাসঙ্গিক ছবি খুঁজে পাওয়া যায়।

এই নতুন প্রযুক্তির ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষার্থী, শিক্ষক, ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটিং পেশার সাথে যুক্ত ব্যক্তিরা। যেকোনো প্রেজেন্টেশন, ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা ওয়েবসাইটের জন্য একদম মানানসই ছবি মুহূর্তেই তৈরি করে নেওয়া যাবে এর মাধ্যমে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হবে।