দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নির্ভীক সাংবাদিক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শাহ্ আমানত দরগাহ লেইনের তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও তনজিমুল মোছলেমিন এতিমখানার যৌথ আয়োজনে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য, আলহাজ মইনুদ্দীন কাদেরী শওকত। সভাপতিত্ব করেন মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি এস এম জামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন, মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা হাফেজ আনোয়ার হোসেন, কে এম ইউসুফ, আসিফ ইকবাল, হাফেজ লেয়াকত আলী চৌধুরী, মৌলানা ফজলুল কাদের প্রমুখ। মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, মরহুম তফাজ্জেল হোসেন মানিক মিয়া ছিলেন স্বাধিকার ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। আমাদের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সাহসী বীর ও কিংবদন্তি। লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি অপরিসীম মমত্ববোধ এবং সত্য প্রকাশে মানিক মিয়া যে অমিত সাহস দেখান তা অতুলনীয়। বিজ্ঞপ্তি।



