মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেওয়ান বাজার এলাকার খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাদরাসা নির্মাণের কথা বলে খালের জায়গা ভরাট করে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আকতার হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকার খালের একটি অংশ অবৈধভাবে ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয়দের ভাষ্য, একসময় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত খালটি এখন দখল ও ভরাটের কারণে সঙ্কুচিত হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে এবং ভরাটকৃত অংশে নির্মাণকাজ চলমান রয়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা অভিযোগ, মাদরাসার নাম ব্যবহার করে প্রকৃতপক্ষে বাণিজ্যিক উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হচ্ছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারি সম্পত্তি দখলের এই কার্যক্রম চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত আকতার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।



