ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

অধ্যাপক রাব্বানীকে অব্যাহতি

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ওই বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে। তিনি এখন থেকে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে এই দায়িত্ব প্রদান করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৭ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেন। এরপর ১০ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর নাম উল্লেখ করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে তার জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামির বিষয়টি উঠে আসার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তাকে এই দায়িত্ব দেয়ার খবরে তার পদ থেকে অব্যাহতি এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবিতে গত রোববার ভিসি বরাবর স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে গতকাল অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তার বিরুদ্ধে সিএমএম আদালতে ফৌজদারি মামলা চলমান থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আইনি মতামত, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর দাবি এবং বিশেষ করে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর বিরুদ্ধে সিএমএম আদালতে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’