নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার বংশালের একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট এক সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় সূত্র জানায়, হেলমেটে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত সময়ের মধ্যে আগুন ভয়াবহ রুপ নেয়। চারদিকে ধোঁয়ায় ছেঁয়ে যায়। ভবনের উপরে থাকা বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তাদের অনেকেই ভবনের ছাদে উঠে যান। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



